হোম > সারা দেশ > চট্টগ্রাম

আসলাম চৌধুরীর নির্দেশে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। তবে এলাকার বাসিন্দা ও নেতাকর্মীদের হতাশ না হয়ে মহাসড়ক অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আসলাম চৌধুরী।

মঙ্গলবার আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর উত্তাল হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল সীতাকুণ্ড। আদালতের রায়ের প্রতিবাদে বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার বড়দারোগাহাট, ছোট দারোগাহাট, কুমিরা, ফকিরহাট, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, ভাটিয়ারী, ছলিমপুর ও সীতাকুণ্ড পৌরসভা সদরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। এতে দেশের প্রধান অর্থনৈতিক করিডোর হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত দূরপাল্লার বাস, কনটেইনারবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

সরেজমিনে দেখা যায়, আদালতের রায়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মহাসড়কে জড়ো হন। বড়দারোগাহাট, ছোট দারোগাহাট, কুমিরা, ফকিরহাট, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, ভাটিয়ারী, ছলিমপুর এবং পৌরসদর এলাকায় একযোগে অবরোধ গড়ে ওঠে। কোথাও বড় বড় গাছের গুঁড়ি ফেলে, কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। কালো ধোঁয়ায় মহাসড়কের কয়েকটি অংশ আচ্ছন্ন হয়ে পড়ে। বিক্ষোভকারীরা আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কয়েক ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দরমুখী ও বন্দর থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রাক, শিল্পকারখানার কাঁচামাল বহনকারী যান এবং দূরপাল্লার বাস দীর্ঘ সময় আটকে থাকে। নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ হাজারো যাত্রী ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন। অনেকে মালপত্র নিয়ে পায়ে হেঁটে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। কয়েক ঘণ্টার এ অচলাবস্থায় শিল্পাঞ্চলের উৎপাদন ও পণ্য সরবরাহেও সাময়িক প্রভাব পড়ে।

কুমিরা হাইওয়ে থানারওসি নুরুল আফসার আমার দেশকে বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।

এদিকে দীর্ঘ সময় অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে থাকলে বিকেল প্রায় ৫টার দিকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমে মাঠে থাকা নেতাকর্মীদের জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তার আহ্বানের পর বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা পর্যায়ক্রমে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে যান। পরে হাইওয়ে পুলিশ দ্রুত গাছের গুঁড়ি, পোড়া টায়ার ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘ যানজট কমে আসে।

মামলার নথি অনুযায়ী, ঋণখেলাপি-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হওয়ার পর বিষয়টি হাইকোর্ট হয়ে আপিল বিভাগে গড়ায়। জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেও আদালতের নির্দেশে ফলাফল গেজেট আকারে প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ে অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপরই সীতাকুণ্ডজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়।

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সীতাকুণ্ডে ইস্পাত, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, সিমেন্ট, এলপিজি, বিদ্যুৎ উৎপাদনসহ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের প্রধান যোগাযোগপথ। ফলে কয়েক ঘণ্টার অবরোধে পণ্য পরিবহন, কনটেইনার চলাচল এবং শিল্পকারখানার সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ সৃষ্টি হয়। তবে অবরোধ প্রত্যাহারের পর সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রায়কে কেন্দ্র করে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই অধ্যাপক আসলাম চৌধুরীর আহ্বানে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

ব্রাজিলের জয়োৎসবে আতশবাজি, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ

জুয়ার আসর থেকে ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ আটক ৯

বরুড়ায় দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মতলবে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

সরাইলে তৃতীয় দিনের সংঘর্ষে অচল মহাসড়ক

চায়ের দোকানে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ জুয়ারি