হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে বসবাস, শিশুসহ গ্রেপ্তার ৬২২ রোহিঙ্গা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে পালংখালী, থাইংখালী, বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৬২২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে রোহিঙ্গাদের ঘর ভাড়া দেওয়ার অপরাধে ১৩টি পৃথক মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩ জন বাড়ির মালিককে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ ২১১ জন, নারী ১৯৬ জন এবং শিশু ২০০ জন। তারা উখিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে ও ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পালংখালী ইউনিয়নের আব্দুর রশিদ রহমান, মো. আজিজুর রহমান ও মো. কে-কে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং মো. আব্দুল রশিদকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই ইউনিয়নের শাহিনা আক্তার (১০ হাজার টাকা), সাজু বেগম (১০ হাজার), মো. হারুন (৭ হাজার), সেলিনা আক্তার (৫ হাজার), মো. হামিদুল (৫ হাজার), মো. সৈয়দ আলম (২০ হাজার), মো. নুর হোসেন (৩০ হাজার), আনোয়ারুল আলম (২০ হাজার) ও নুরুল আমিনকে (৫০ হাজার) জরিমানা করা হয়। অপরদিকে ক্যাম্প-১১, ব্লক-ডি/১ এলাকার মো. মঞ্জুর আলমকে আনুমানিক ৪০ পোঁটলা গাঁজাসহ আটক করে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের কারণে এলাকায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতেই যৌথবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।

কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এপিবিএনের (৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাস কোনোভাবেই অনুমোদিত নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান। অভিযানে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা জরিমানা ও ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এডি/জেডএম

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম