কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার দিবাগত রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় সাড়ে রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাধাইয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমার টিভি ফ্রিজের শোরুম ছিল। খবর পেয়ে এসে দেখি আগুনে পুড়ছে আমার দোকান। আগুনের হিটে সামনে যেতে পারিনি। আমার বিশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বাজারে ছড়িয়ে পড়ে। দাউদকান্দি ও কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। রাতে আগুন লাগার খবরে স্থানীয়রা এবং মহাসড়কের যানবাহন চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
মাধাইয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেননি। সহায়-সম্বল হারিয়ে দোকানের পাশে বসে কান্না করেছেন অনেকে।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।