ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপে যুবক মোহাম্মদ আজাদ (৩০) গুরুতর আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসেছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে প্রাথমিকভাবে সহায়তা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় খোঁজ নিয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে। তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এরআগে সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশীথা’ ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এ সময় একটি পাথর ট্রেনের ভেতরে থাকা আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে।
জেডএম