হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

চরম ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অভিমুখ লেনে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

১৩ মার্চ শুক্রবার দুপুর ১২টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট আমতলী এলাকায় মহাসড়কের সংস্কারকাজের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতেও দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়ে।

মাত্র ১৩৬৫ মিটার সংস্কারকাজে ১৭ কোটি টাকার টেন্ডার হলেও কাজের অগ্রগতি না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পায়। আমতলী এলাকার স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গত চার মাস ধরে মহাসড়কে কাজ চলছে ধীরগতিতে। মনগড়া কাজ করছে ঠিকাদার। সড়ক ও জনপথ বিভাগের কোনো তদারকি নেই।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের আমতলী অংশের বড় একটি অংশে খানাখন্দ সৃষ্টি হলে এতে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদ প্রকাশের পর রাস্তার জরাজীর্ণ অবস্থা বিবেচনায় প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ‘হক এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারকাজের দায়িত্ব দেওয়া হয়। এই কাজ এখন মহাসড়কে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

যাত্রীদের অভিযোগ, রমজানের রোজা রেখে এই গরমে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় খুবই কষ্ট হচ্ছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ কাজ ও গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছেন কামাল হোসেন। তিনি বলেন, ‘নিমসার থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সর্বোচ্চ ১০ মিনিটের রাস্তা, অথচ এটুকু জায়গা আসতে সময় লেগেছে দেড় ঘণ্টার বেশি। প্রচণ্ড গরম ও রমজান মাসে এমন ভোগান্তি আমাদের দ্বিগুণ কষ্ট দিয়েছে। জুমার নামাজ কোথায় পড়ব নিশ্চিত নই । এই মুহূর্তে মহাসড়কে সংস্কারকাজ কেন করা হচ্ছে?’

ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন এশিয়া পরিবহনের বাসচালক সোহেল রানা। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট টাইম মেন্টেইন করে গাড়ি চালাই। যাত্রীদের ভোগান্তি কমাতে সঠিক সময়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। পুরু এক ঘণ্টা ধরে থেমে থেমে গাড়ি চালাচ্ছি। কখন যে পৌঁছাতে পারব জানি না। আমতলীতে এই মুহূর্তে কাজ বন্ধ করে রাস্তা খুলে দেওয়া উচিত।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মুমিন বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় মহাসড়কে কাজ চলছে। এই জায়গায় আসার পর গাড়িগুলোর গতি কমে যায়, যার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি যানজট নিরসনের।’

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, ক্যান্টনমেন্ট এলাকার সড়ক মেরামতের কারণে গাড়ি ধীরে চলছে। হাইওয়ে পুলিশের সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন।

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২

পটিয়ায় বন্ধ কক্ষ থেকে নববধূর লাশ উদ্ধার

হাইমচর প্রেস ক্লাবের দায়িত্বে মহসিন ও জাহিদ

সংসদের সূচনায় খন্দকার মোশাররফ সভাপতিত্ব করায় উচ্ছ্বসিত দাউদকান্দিবাসী

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, র‌্যাবের ওপর হামলা