‘যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৮টি দলে অংশগ্রহণ করে।
দুই দিনব্যাপী প্রাণবন্ত যুক্তিতর্ক ও মেধার লড়াইয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি তুলে ধরে।
উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশেষ আদালতের জেলা জজ শফিকুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলকে পরাজিত করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।