সংরক্ষিত নারী আসন
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। সংরক্ষিত ৫০ আসনের তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়। আগামী ১২ মে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, বিএনপি সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যপদ পেতে কুমিল্লায় বিএনপির আট নেত্রী দৌড়ঝাঁপ শুরু করেছেন। গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, পারিবারিক পরিচিতি, দলীয় আনুগত্য এবং সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে জীবনবৃত্তান্ত তৈরি করে বিএনপির হাইকমান্ডের কাছে জমা দিয়েছেন তারা। মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সমর্থন ও সহযোগিতা পেতে তারা জোর লবিং করছেন। মন্ত্রীদের বাসায় ফুল নিয়েও গেছেন কয়েকজন নারী নেত্রী। গুঞ্জন রয়েছে, এবার কুমিল্লা থেকে একাধিক নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন।
সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় আটজনের নাম বেশ আলোচনায়। তারা হলেন—সামিরা আজিম দোলা, রায়হান রহমান হেলেন, শাহনাজ আক্তার, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, সাকিনা বেগম, দিলারা শিরিন, অ্যাডভোকেট ডালিয়া রহমান এবং শামীমা আক্তার রুবী। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় থাকা সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির প্রয়াত এমপি আনোয়ারুল আজিমের মেয়ে। গত নির্বাচনে তিনি কেন্দ্রের নির্দেশে দলের প্রার্থী আবুল কালামের পক্ষে কাজ করেন। তার স্বামী ব্যবসায়ী।
অন্যতম মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা কেন্দ্রীয় মহিলা দল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি নারী ও শিশু অধিকার ফোরাম, দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক। তার প্রয়াত স্বামী আলা উদ্দিন আহমেদ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
রায়হান রহমান হেলেন কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক। কুমিল্লা পৌরসভা এবং কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন দুই দশক।
সাকিনা বেগম কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি। তিনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য। এছাড়া তিনি বিএনপির দক্ষিণ জেলা মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী অধ্যাপক ডা. আবদুল লতিফ।
শাহনাজ আক্তার ‘গুম’ হওয়া লাকসাম পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিণী। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর লাকসাম পৌর নির্বাচনে মেয়র পদে তিনি বিএনপির প্রার্থী হয়েছিলেন। লাকসাম পৌর বিএনপির সহসভাপতি শাহনাজ বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি। ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে র্যাব তুলে নিয়ে যায়। হিরু ও পারভেজের আর হদিস মেলেনি। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় হন শাহনাজ। গুমের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার ও প্রতিবাদে তিনি অংশ নেন।
দিলারা শিরীন মেঘনা উপজেলা পরিষদের তিনবারের ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক। মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা মহিলা দলের সভাপতি ছিলেন।
শামীমা আক্তার রুবী মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক। এর আগে তিনি ফ্রান্স মহিলা দলের সহসভাপতি ছিলেন। মুরাদনগর বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুবীর লেখা ‘মুক্তি চাই’ গান সারা দেশে তারুণ্যের সমাবেশে প্রশংসিত হয়। তার স্বামী মোহাম্মদ কামরুল হাছান পরিবেশবিজ্ঞানী।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের বিষয়ে দলের হাইকমান্ড এবং সংসদীয় কমিটি বিবেচনা করবে। ত্যাগী ও যোগ্যদের স্থান দেওয়া হবে সংরক্ষিত নারী আসনে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে আটটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন। তাদের মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন জাকারিয়া তাহের সুমন এবং কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এছাড়া মোহাম্মদ আমিন-উর-রশিদ ইয়াছিনকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হয়েছে।
গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।
জানা গেছে, বিএনপি জোট সংসদে নারী আসন পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পাচ্ছে ।