ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে জুলাইযোদ্ধাদের অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে জেলার সোনাগাজী উপজেলার জুলাইযোদ্ধারা।
সোমবার জুলাইযোদ্ধাদের বিক্ষোভ মিছিলটি উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন-জুলাইযোদ্ধা এনায়েত উল্লাহ, জুলাইযোদ্ধা ও সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট এবং জুলাইযোদ্ধা ও চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক আরিফ মিয়াজিসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, সোনাগাজী কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে এনায়েত উল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময় আমি ফেনীর রাজপথে পুলিশের গুলি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলাম। ৪ আগস্ট মহিপালে আমার ওপর সশস্ত্র হামলা হয়। গুলিবিদ্ধ হই, স্প্লিন্টারের আঘাতে আমার শরীরে ১৭টি স্থানে জখম হয়। আমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
তিনি বলেন, সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন আমাকে ও অন্যান্য জুলাইযোদ্ধাদের অবমাননা করে বক্তব্য দেন, অথচ তার আগে ও পরে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনের সঙ্গে আঁতাত করেছিলেন। এ সময় বক্তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।