কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (২৭) হত্যাকাণ্ডে জড়িত চার ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন। এ ঘটনায় গ্রেপ্তার অপর এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে কুমিল্লা আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক টিটু কুমার নাথ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। একই সঙ্গে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদনও করা হয়।
কুমিল্লা আদালতের ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি চারজন আদালতে জবানবন্দি দিচ্ছেন।
রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। প্রথমে কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিবিরবাজার এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বুড়িচং থানার এরশাদ ডিগ্রি কলেজের সামনে থেকে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ ও চালককে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ জানায়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।