তিতাসে মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়। এদেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যারা আমার মা-বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৭টায় তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামি কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লার পক্ষে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা জানেন আপনাদের এলাকার একজন বালু খেকো রয়েছে। তাদের দলের নেতাকর্মীরা আমাদের কাছে ফোন কলে অভিযোগ দেয়, আমরা বালু খেকো থেকে মুক্তি চাই, এই ভন্ড শিক্ষক থেকে মুক্তি চাই, এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙ্গেচুরে তছনছ করেছে তার থেকে আমরা মুক্তি চাই, এটি আমাদের কথা নয় এটি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কথা।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি গত ১৭ বছর রাস্তায় রাস্তায় আন্দোলন করেছে আমাদেরকে ফোন দেয়। তারাই আমাদেরকে জানায়।তারা বলে টাকা খেয়ে কমিটি দিয়েছে।মেঘনার বালু বিক্রি করে তার সংসার চলে।তাকে হোমনা- তিতাস থেকে উৎখাত করতে হবে। উনার মত নেতার রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে,তাদেরকে সুন্দর মত ভোট দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে যাতে করে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ১১ দলীয় জোটের মনোনীত কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনে এমপি পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা সভাপতিত্বে ও তিতাস উপজেলার জামায়াতে আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদ, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি লোকমান হাকিম, অধ্যক্ষ আনোয়ার হোসেন, হোমনা উপজেলা শাখা আমীর কাজী সাইদুল হক,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, তিতাস উপজেলা শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়ক সাঈদ আহমেদ প্রমুখ।