হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হান গ্রুপের দুই সহযোগী আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড তাজা গুলি ও একাধিক কার্তুজসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও ‘রায়হান’ গ্রুপের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান।

শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানানো হয়, গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি বিশেষ টিম শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার আধার মানিক এলাকার মো. শুভ (২২) এবং কদলপুর শমসের পাড়া এলাকার মো. সুমন (৩৩)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কথিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হান গ্রুপের হয়ে বিভিন্ন এলাকায় অস্ত্রধারী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও সিএমপির বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির ঘটনায় চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় একাধিকবার গুলি বর্ষণের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এছাড়া বায়েজীদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় রাজু নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনাতেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাজ্জাদ আলী খান বলেন, “পুলিশ কাউকে গ্রেপ্তার করলেই আমার নাম জড়িয়ে দেয়। আমি কি পীর নাকি আউলিয়া, যে আমার জন্য এত সন্ত্রাসী কাজ করবে? আটক ব্যক্তিরা আমার কোনো সহযোগী নন। রাউজানে আমার কোনো গ্রুপও নেই।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে রাউজান থানা এলাকায় পৃথক দুটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দুই ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের

রামিসা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, কর্ণফুলী নদীতে অবমুক্ত

চট্টগ্রামে ১০ তলা ভবনের লিফট থেকে যুবকের লাশ উদ্ধার

সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগে চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তন

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন