চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও গুলি ছুড়ে চাঁদা দাবি করেছে পাঁচ যুবক। শনিবার দিনদুপুরে পাঁচজনের একটি দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে, পরে মুঠোফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি। ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর ঘনিষ্ঠদের দাবি, ফোনে তাকে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ যুবক চাঁদার দাবিতে চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কোতে ঢুকছে। ঢোকার আগে পিস্তল হাতে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে।
গত বছরের ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁন্দগাও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ওই যুবদল নেতাসহ ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলেছি, কিন্তু তারা এখনো লিখিত অভিযোগ দেয়নি। তার পরও পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেডএম