সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ফেনীর পরশুরামে ঈদুল আযহার জামাতে অংশ নিয়েছেন প্রায় ২০ জন মুসল্লি।
বুধবার (২৭ মে ) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ কোলাপাড়ার ছয়ঘরিয়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রয়াত মেজর মীর হোসেনের বাসার দ্বিতীয় তলার কক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ছয়ঘরিয়া এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রয়াত মেজর মীর হোসেন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে এক দিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদ্যাপন শুরু করেন। তার সঙ্গে ওই এলাকার বেশ কয়েকজন অনুসারী ঈদ উদ্যাপন করে আসছিলেন। নামাজে ইমামতি করেন নোয়াখালী থেকে আগত ডা. মিজানুর রহমান। খুতবা পাঠ করেন পূর্ব সাহেবনগর গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য নাঈমুল হুদা চৌধুরী মাসুম। নামাজে প্রায় ২০ জন মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে অংশ নেওয়া কামাল উদ্দিন নামে এক মুসল্লি বলেন, সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুসরণ করে আমরা ঈদ উদ্যাপন করি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মুসল্লিদের মধ্যে কুশল বিনিময় এবং পরে কোরবানির পশু জবাই করেন।
স্থানীয়ভাবে বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ঈদের নামাজের স্থানে পরশুরাম মডেল থানার পুলিশের কয়েকজন সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।