হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে স্বাধীনতার পর প্রথম পূর্ণমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আনছার হোসেন, কক্সবাজার

দেশের স্বাধীনতার পর এই প্রথমবার পূর্ণমন্ত্রী পেল দেশের পর্যটন রাজধানীখ্যাত কক্সবাজার। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, গুম, নির্বাসন এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কক্সবাজার–০১, (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। যিনি ইতোপূর্বে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথবাক্য পাঠ করেন। সূত্র বলছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

একইদিন সকালে তিনি কক্সবাজার–০১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় রাজনীতিতে এই সময়ে সর্বাধিক পরিচিত এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখকে ৯৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার–০১ আসন থেকে তিনি এর আগে ১৯৯৬ (সপ্তম) ও ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সরকারের শেষ সময় পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে তিনিই প্রথম প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। আর এবার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন তিনি।

জন্ম ও শিক্ষাজীবন

১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার তৎকালীন চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মৌলভী পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক।

শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৭৭ সালে পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং ১৯৭৯ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি শেষ করেন। পরে ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি থেকে রাজনীতিতে

১৯৮৫ সালের সপ্তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সরকারি চাকরিতে যোগ দেন। পরে বগুড়া জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত অবস্থায় ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পান।

১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে কক্সবাজার জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং একই বছর দুটি সংসদ নির্বাচনে জয়লাভ করেন। পরবর্তীতে সরাসরি কাউন্সিলের মাধ্যমে তিনি পরপর দুইবার জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০১০ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তাকে দলের যুগ্ম মহাসচিব করা হয়।

গুম, নির্বাসন ও প্রত্যাবর্তন

২০১৫ সালে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে ১০ মার্চ তিনি নিখোঁজ হন। দীর্ঘ ৬২ দিন পর ভারতের শিলংয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে অবস্থানকালে তিনি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। শিলংয়ে কারাবাস ও দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় এক দশক পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন তিনি।

রাজনৈতিক অঙ্গীকার

গত ৯ ফেব্রুয়ারি চকরিয়ায় নির্বাচনি সমাবেশে তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল এবং জনগণের দোয়া ও আল্লাহর রহমতে তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। জীবনের বাকি সময় দেশের উন্নয়ন ও মানুষের সেবায় উৎসর্গ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

জেলার মানুষের প্রত্যাশা

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, জেলার মানুষের জন্য এটি গৌরবের মুহূর্ত এবং সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে কক্সবাজার ও দেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা করেন।

পারিবারিক জীবন

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদ। তার স্ত্রী হাসিনা আহমদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাদের ঘরে দুই ছেলে ও দুই মেয়ে।

প্রসঙ্গত, স্বাধীনতার আগে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন কক্সবাজারের সন্তান মৌলভী ফরিদ আহমেদ, যিনি কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের পিতা। মৌলভী ফরিদ আহমেদের পর সালাহউদ্দিন আহমদই কক্সবাজার থেকে হওয়া প্রথম পূর্ণমন্ত্রী।

দুর্বৃত্তদের আগুনে অগ্নিদগ্ধ সেই জামায়াত সমর্থকের মৃত্যু

হোমনায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

পবিত্র রমজানকে সামনে রেখে ক্রয়মূল্যে পণ্য বিক্রয়, প্রশংসিত শাহআলম

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন কুমিল্লার আমিনুর রশিদ

মৎস্য খামারে দুর্বৃত্তের আগুনে দগ্ধ জামায়াত সমর্থকের মৃত্যু

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার

মতলবে ইউপি চেয়ারম্যানকে কাফন পাঠিয়ে প্রাণনাশের হুমকি

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন কুমিল্লার তিনজন

নিজ ঘর থেকে উদ্ধার বিএনপি নেতার লাশ