চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে জেএমএস টেক্সটাইল ও ম্যারিমো কোম্পানি পোশাক কারখানার অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। বেশিরভাগ জেএমএস টেক্সটাইলের শ্রমিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত শ্রমিকরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুইটি কারখানার শ্রমিকরা কয়েকদিন ধরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছিলেন। গতকাল জেএমএস টেক্সটাইল তাদের শ্রমিকদের দাবী মেনে নিলে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেন। এই খবর জানতে পেরে উত্তেজিত হয়ে ওঠে পার্শ্ববর্তি ম্যারিমো কোম্পানীর শ্রমিকরা। তাদের সঙ্গে আলোচনা না করে একতরফা ভাবে কাজে যোগ দেয়ার অভিযোগে জেএমএস টেক্সটাইলে ঢুকে ভাংচুর করতে থাকে। এসময় জেএমএস টেক্সটাইলের শ্রমিকরাও তাদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুরো ইপিজেড এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত শ্রমিক কর্মচারী আহত হয়। পরে পুলিশ ও বেপজার কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেপজা জানায়, সংঘর্ষের ঘটনা দুই কারখানার শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ থাকায় বড় ধরণের কোন বিপর্যয় ঘটেনি। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তবে কয়েকটি কারখানায় বেতন ভাতা নিয়ে অসোন্তোষ থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলি মোতায়েন করা হয়েছে।