বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তে আবারো মাইন বিস্ফোরণে এক তরুণের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার বিকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫০ নম্বর পিলারের কাছে বামহাতিরছড়া-বাহিরমাঠ গ্রামের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। আহতের নাম মো. শহিদ উল্লাহ বাবু (২২)। তিনি দোছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহিরমাঠ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল শহিদ উল্লাহসহ স্থানীয় কিছু যুবককে অর্থের বিনিময়ে মিয়ানমার থেকে মাদকসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহার করে আসছে। শহিদ বুধবার সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা অতিক্রম করার সময় মাটিতে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।