হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডাকাতিয়ায় পোনা নিধনে বিলুপ্তির পথে দেশীয় মাছ

মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তি (চাঁদপুর)

ছবি: সংগৃহীত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশীয় প্রজাতির মাছ ধীরে ধীরে বিলুপ্তির পথে। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। অথচ চাঁদপুরের প্রাণ খ্যাত ডাকাতিয়া নদী একসময় এ অঞ্চলের মাছের চাহিদা পূরণে মূল ভূমিকা পালন করত।

রুই, কাতলা, মৃগেল, কই, শিং, পুঁটি, মাগুর, চিংড়ি, মলা ও ঢেলাসহ নানা প্রজাতির মাছে একসময় সয়লাব থাকত স্থানীয় হাটবাজারগুলো। নদীটি ছিল দু’পাড়ের মানুষের প্রধান জীবিকার উৎস।

তবে অভিযোগ উঠেছে, প্রশাসনের তদারকির অভাবে এবং একশ্রেণির অসাধু ব্যক্তির ক্ষতিকর পন্থায় মাছ শিকারের কারণে নদীটি এখন মৎস্যশূন্য হতে বসেছে। সরেজমিনে ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি (রিং) জালের অবাধ ব্যবহার। সবচেয়ে মারাত্মক বিষয় হলো—গভীর রাতে ইলেকট্রিক শক (তড়িৎ প্রবাহ) দিয়ে অসাধু উপায়ে মাছ শিকার।

কয়েকজন শিকারী জানান, রিং জালে রেণু ও পোনা মাছসহ ছোট-বড় সব মাছ আটকা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইলেকট্রিক শক দেওয়ার ফলে নির্দিষ্ট মাছের পাশাপাশি আশপাশের ছোট-বড় অন্য সব জলজ প্রাণীও মারা যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দ্রুতই মাছশূন্য হয়ে পড়বে ঐতিহ্যবাহী এ নদী।

স্থানীয় মৎস্যচাষি জামাল হোসেন আফসোস করে বলেন, নদীতে মাছের উৎপাদন তলানিতে ঠেকেছে, এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।

নাহিদ মৎস্য আড়তের মালিক আক্তার হোসেন জানান, অবৈধ পন্থায় মাছ ধরার কারণেই নদী থেকে দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তিনি।

এদিকে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিগত বছরগুলোতে অবৈধ জাল ও মৎস্য শিকারিদের বিরুদ্ধে কড়া অভিযান পরিচালিত হলেও, এ বছর সে ধরনের কোনো প্রশাসনিক তৎপরতা চোখে পড়েনি। অভিযান না থাকার বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে অচিরেই অবৈধ মাছ শিকার বন্ধে মৎস্য দপ্তর অভিযান শুরু করবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না