কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাতভর পরিচালিত এই অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও মাদক কারবারিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় একযোগে পরিচালিত অভিযানে রাঙামাটি কোতয়ালী থানায় ১৬ জন, কাউখালী থানায় ২ জন, লংগদু থানায় ১ জন, বাঘাইছড়ি থানায় ১ জন এবং কাপ্তাই থানায় ১ জনকে আটক করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বিশেষ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ সদস্য মো. নুরুল হক (৫২), শ্রমিক লীগ নেতা মো. কবির (৫২), কৃষক লীগের ৬ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন (৪২), যুবলীগ সদস্য মো. ইলিয়াছ (৩৫), শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ, যুবলীগের সহ-সভাপতি মো. জসিম (৩৮), জেলা শ্রমিক লীগের সদস্য মো. নয়ন (১৯), নানিয়ারচর থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজান (৪৫), শ্রমিক লীগ নেতা মো. রাসেল (৩৮)সহ আরও কয়েকজন।
এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) এবং হাফিজুর রহমান (২৯)।
এদিকে বিশেষ অভিযানে বেতবুনিয়া এলাকার যুবলীগ সদস্য মো. রবিউল হাসান (২৬) এবং ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৪৫)-কে আটক করা হয়েছে।
অন্যদিকে, কাপ্তাই থানা সূত্রে জানা যায়, কাপ্তাই আসম বস্তি সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এদিকে বাঘাইছড়ি থানার অভিযানে পৌর ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম এবং লংগদু থানার অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রাজ্জাককে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।