হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বাধীনতার বইমেলা জমেনি পহেলা বৈশাখের অপেক্ষা

এম কে মনির, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘স্বাধীনতার বইমেলা’ এখনো জমে ওঠেনি। ছুটির দিন ছাড়া মেলায় তেমন কোনো পাঠক-ক্রেতা নেই বললেই চলে। তাই বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উৎসবের অপেক্ষায় আছেন মেলায় অংশ নেওয়া প্রকাশক ও লেখকরা।

জানা যায়, প্রতি বছর ফেব্রুয়ারিতে বইমেলা হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে চট্টগ্রামে বইমেলা পেছানো হয়। গত ৩১ মার্চ নগরীর জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের বইমেলায় জিমনেসিয়াম মাঠের ৪০ হাজার বর্গফুটজুড়ে ১৩১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ডাবল স্টল ৩৫টি এবং সিঙ্গেল স্টল ৯৬টি। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৯৬টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিয়েছে।

প্রকাশকরা আশা প্রকাশ করে বলেন, শনিবার মেলা শুরুর ১২ দিন পেরিয়ে গেলেও মেলা জমে ওঠেনি। তবে বৈশাখী উৎসবে জমে উঠতে পারে বইমেলা। দিনটিকে ঘিরে উৎসবমুখর ও জমজমাট হয়ে উঠবে বন্দরনগরী চট্টগ্রাম। এতে বৈশাখের আনন্দে বইমেলায়ও ঢু মারতে পারেন বইপ্রেমীরা।

মেলার মঞ্চে প্রতিদিনের আয়োজনে থাকছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, আলোচনা, লোক উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বৈশাখী উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ ও চাটগাঁ উৎসব। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা প্রতিদিন সন্ধ্যায় গান পরিবেশন করছেন মেলায়। এছাড়া প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের জাগরণী গান ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হচ্ছে। এতে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষক, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী ও জনপ্রতিনিধিরা।

এদিকে স্টল মালিকরা জানিয়েছেন, মেলার ১২ দিন পার হলেও তেমনভাবে জমে ওঠেনি বইয়ের বেচাকেনা। বেশিরভাগ মানুষ মেলায় এসে ঘোরাঘুরি করেন। বলতে গেলে বই কেনার পাঠক কম। অনেকেই বইয়ের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। স্টলের চেয়ে খাবারের দোকানে ভিড় বেশি।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও তৃতীয় চোখ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. আলী প্রয়াস জানান, এবার জাতীয় ইস্যুর কারণে ঢাকায়ও বইমেলা তেমন জমেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিলে করার। তবে অসময়ে বইমেলা হওয়ায় মানুষজন কম। পাঠকের সংখ্যাও কম। পহেলা বৈশাখ উৎসবে বইমেলা জমে উঠবে বলে আশা করছি। সেদিন লাখ লাখ মানুষের সমাগম ঘটবে নগরীতে।

তিনি বলেন, যদি কালবৈশাখী না নামে, তাহলে ১৪ এপ্রিল মেলা জমে উঠলে সে ধারাবাহিকতা কয়েকদিন থাকবে। এতে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন প্রকাশকরা।

লেখক সরোয়ার হোসাইন লাভলু বলেন, ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলে মেলা করায় অনেকেই জানেন না। তাছাড়া এ সময়ে মানুষ বৈশাখী উৎসবে মেতে উঠবে নাকি বইমেলায় আসবে, সেটি একটি প্রশ্ন। আমি এবার বই বিক্রি নিয়ে শঙ্কায় আছি। এরপরও আমরা লেখকরা আশায় আছি, বৈশাখী উৎসবে বই বেচাকেনা জমে উঠবে। সেই সঙ্গে লেখক, কবি-সাহিত্যিক, বইপ্রেমীদের আসরও জমে উঠবে বইমেলায়।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবুদ্দিন বাবু জানান, মেলার ১২ দিন পার হলেও প্রকাশকদের জন্য কোনো সুখকর বার্তা আসেনি। তাই তো আমরা পহেলা বৈশাখের অপেক্ষায় প্রহর গুনছি। কেননা, সেদিন বিশাল এ নগরীর ১০ লাখ মানুষ মেলায় সকাল থেকে সন্ধ্যায় আসা-যাওয়া করবে বলে আমরা ধারণা করছি। তাছাড়া বইমেলার স্থান জিমনেসিয়াম মাঠ সিআরবির শিরীষতলা, শিল্পকলা একাডেমি, ডিসি হিলসহ অন্যান্য উৎসব পয়েন্টের কাছাকাছি। এজন্য আমাদের আশা, বই বিক্রির ঘাটতি সেদিন পূরণ হবে। প্রকাশকরাও বই বিক্রি করে হাসি নিয়ে ঘরে ফিরবেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেকেই আজকাল মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। সময়, অর্থ, স্বাস্থ্যÑসবই শেষ করছে ডিভাইসের পেছনে। এতে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বই অন্যতম বন্ধু, যা তাদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের করে সৃজনশীল মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি বলেন, এক্ষেত্রে মা-বাবা, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে সন্দ্বীপ হাসপাতালে বিএনপি নেতার ১২ লাখ টাকা অনুদান

চকরিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

পটিয়ায় শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করলেন সংসদ সদস্য এনামুল হক এনাম

চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক আটক

মাছ ধরার ট্রলারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে শ্রমিককে দুই হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবাসী শামসুল করিমের লাশ ১৮ দিন পর দেশে, শোকস্তব্ধ পরিবার