চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে র্যাব-৭ এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা জেলা থেকে কক্সবাজারের উদ্দেশে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি খাকি রঙের কার্টনের ভিতর বিভিন্ন সাইজের ২৭টি বান্ডিলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
আটককৃতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলী এলাকার মৃত ইছাহাকের ছেলে মো. সোহেল (৩২), কলাতলী এলাকার মো. জাফর আলমের ছেলে মো. সারোয়ার কামাল প্রকাশ কালু (৩৩) এবং মধ্যম কুতুবদিয়া পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে কামরুল হাসান (৪৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাশেমী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, আসামি এবং জব্দকৃত মাদক এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি মামলার আলামত হিসেবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন।