লক্ষ্মীপুর জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্যাহ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
রোববার বিকেলে জেলা জামায়াতের মজলিসে শুরার অধিবেশনে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের নবমনোনীত সেক্রেটারি মহসিন কবির মুরাদ।
কমিটিতে নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন নুরুন্নবী ও মাওলানা নাসির উদ্দিন। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রহমান ও মিজানুর রহমান।
জানা যায়, দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন এসেছে। গত ২৪ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের ভোটে আমির নির্বাচিত হন এ আর হাফিজ উল্যাহ। পরে বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় জামায়াত তাঁকে নতুন আমির হিসেবে ঘোষণা করে এবং শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।
এ আর হাফিজ উল্যাহ এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন তিনি।
অন্যদিকে, নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।