অনলাইনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস ও সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ ছাত্র জনতা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিছিল নিয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিসে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধরা। পরে ছাত্র জনতা রাত একটার পর কুমিল্লার সাবেক এমপি বাহারের মুন্সেফ কোয়ার্টারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে ছাত্র-জনতার একটি মিছিল কুমিল্লা টাউন হল থেকে এসে মহানগর আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে। তারা আওয়ামী লীগ অফিস ও অফিসের সামনে থাকা বাহারের নামফলক ভাঙচুর করেন। পরে বাহারের বাড়িতে মধ্যরাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ ছাত্র-জনতা।
এর আগে বুধবার রাত আটটায় কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের নেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরা কান্দিরপাড়ে অবস্থান নিয়েছি। খুনি হাসিনার প্রেতাত্মা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না।
তিনি বলেন, ছাত্রলীগের গুণ্ডাদের হুঁশিয়ার করে দিচ্ছি। বাড়াবাড়ি করলে পালিয়ে যাওয়ার সুযোগও দেবো না। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করব। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না।