টানা অতিভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের আশঙ্কা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে আগামী ১২ জুলাই পর্যন্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে জেলায় কয়েকদিন ধরে টানা অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, থানচি উপজেলার দুর্গম এলাকায় ভ্রমণে গিয়ে ভারী বৃষ্টির কারণে প্রায় ৯০ জন পর্যটক আটকা পড়েন। পরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের নিরাপদে উদ্ধার করে মঙ্গলবার নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে আনা হয়।
জেলা প্রশাসন পর্যটক ও ভ্রমণপিপাসুদের আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।
এমএইচ