আমার দেশে সংবাদ প্রকাশের জের
‘সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ’ শিরোনামে বুধবার সংবাদ প্রকাশের পর কক্সবাজার আদালতে উচ্ছেদ মামলা করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন। বনবিভাগ জায়গায় বাড়ির মালিক দাবিদার মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মামুনকে আসামি করে মামলা করা হয়েছে৷ যার মামলা নং উখি: ১৭/২৬৷
সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকার স্বর্ণ পাহাড় নামক স্থানে সংরক্ষিত বনভূমি দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বনবিভাগের জায়গা দখল করে সেখানে পাঁচতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটির অন্তত তিনতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং এখনও কাজ চলমান রয়েছে।
অভিযোগ রয়েছে, কুতুপালং এলাকার মৃত ইলিয়াস ওরফে রোহিঙ্গা ইলিয়াসের ছেলে মোহাম্মদ হারুন এবং তার ভাই মোহাম্মদ মামুন এই দখল ও নির্মাণকাজের সঙ্গে জড়িত।
এদিকে, একটি গোপন সূত্র দাবি করেছে, এই ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট রেঞ্জের অসাধু বনকর্মী জাহাঙ্গীর ও ইলিয়াসসহ দালালচক্রের মাধ্যমে বিভিন্ন ধাপে প্রায় ৩ লাখ টাকা লেনদেন হয়েছে৷
এ বিষয়ে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আদালত মামলা করা হয়েছে৷ আদালতের আদেশ আসলেই উচ্ছেদ করা হবে৷
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন বলেন, সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি যাচাই করি এবং সংরক্ষিত বনভূমি দখলের প্রমাণ পাওয়ায় কক্সবাজার আদালতে উচ্ছেদ মামলা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো মুহূর্তে এই পাকা ভবনে উচ্ছেদ করা হবে৷