নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক অটোচালককে গুলি করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ফারুক হোসেন (২৭) নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে এসে তিন-চারজন তাকে গুলি করে। তার তলপেটে ও হাঁটুতে গুলি লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, এটা লোকাল গ্যানের গুলি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
জেডএম