নোয়াখালী-৩ বেগমগঞ্জ উপজেলায় বিএনপির তথা ধানের শীষের একটি নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাকিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিল সবুজ সোমবার দিবাগত রাত দশটার সময় জানান, সোমবার ভোরের দিকে উপজেলার বাকিপুর গ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ করে। এরপর তারা বিএনপির নির্বাচনি অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের একটি সাইকেল দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অভিযোগ তারা আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বানছাল করতে এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তারা।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে একটি নির্বাচনি ক্যাম্প ও একটি সাইকেলের দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।