কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতরে নাফ নদী সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে পূর্বে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।
আহত যুবকের নাম মোহাম্মদ শহিদ (২৬)। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-এ ব্লকের বাসিন্দা এবং মিয়া হাসানের ছেলে বলে জানা গেছে। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তি মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়ে সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই যুবক কী কারণে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।