কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি । আমি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। চট্টগ্রামের ডিআইজি, কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছি। আমাদের বিএনপি সরকার এখন ক্ষমতায়। স্পষ্ট ভাষায় বলেছি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না।
শুক্রবার ঢাকার বিয়াম মিলনায়তনে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সংগঠন আনন্দ পাইলটিয়ান ওয়লফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসীম উদ্দিন আরো বলেন, ‘কুমিল্লা-৫ আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন ভারত সীমান্তঘেঁষা। এই তিন ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। আমি ইতিমধ্যে সশরীরে মাদকবিরোধী অভিযান চালিয়েছি ।’
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন, ‘বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ইফতার মাহফিলে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আজকের ইফতার মাহফিলে বুড়িচং উপজেলার আলোকিত মানুষের মিলনমেলা হয়েছে। আপনাদের পরামর্শ নিয়ে বুড়িচং উপজেলার উন্নয়ন কার্যক্রম করা হবে।’
প্রধান আলোচক হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘বুড়িচং উপজেলার উন্নয়নে পাইলটিয়ানরা সব সময় এমপি মহোদয়কে সহযোগিতা করবেন। আমরা আনন্দ পাইলটিয়ান জসিম উদ্দিন এমপি মহোদয়ের ডান হাত হিসেবে কাজ করব।’
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব সানোয়ার জাহান ভূঁইয়া স্বাগত বক্তব্যে বলেন, কুমিল্লা-৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনাকে পেয়ে আনন্দিত।’
আনন্দ পাইলটিয়ান ওয়লফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব সানোয়ার জাহান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মো. আব্দুর রশিদ, ডা. আবুল হাসেম ।
এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ পাইলটিয়ান আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল হাসান রিপন, আবদুল জলিল, হাজী কবির হোসেন, খোরশেদ আলমসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।