চট্টগ্রামের বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে মোছাম্মাৎ তাহিন নুর (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত তাহিন নুর সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার আবদুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পা পিছলে একটি ডোবায় পড়ে যায় তাহিন নুর। পরে ঢলের পানির প্রবল স্রোতে সে ভেসে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, বাঁশখালীতে চলমান বন্যা ও ঢলের পানিতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।