চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি রিভলবার ও পাঁচটি ধারালো অস্ত্রসহ স্থানীয়দের সহযোগিতায় চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়িতে থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পোশাককর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার যুবককে স্থানীয়রা শনাক্ত করে।
পরে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার) ও পাঁচটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দিয়ে হাটহাজারী মডেল থানার পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে এসআই সানোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং নতুনপাড়া এলাকার মো. হাসান মুরাদকে (১৮) অস্ত্রসহ থানায় নিয়ে আসে।
মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে ।
এমএইচ