হোম > সারা দেশ > চট্টগ্রাম

দল বদল করে আরো বেপরোয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগা

মুহাম্মদ আজাদ, চট্টগ্রাম

পরিচিতি ছিল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে; কিন্তু বর্তমানে সেই পরিচয় লুকিয়ে হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য। তবে পরিচয় বদলালেও আগের মতোই দেদার অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পরিচয় তাকে করেছে আরো বেপরোয়া।

দলীয় পদ-পদবির কারণে চাঁদাবাজি থেকে মাদক কারবারÑ সবখানেই এখন সমান দাপট এই শীর্ষ সন্ত্রাসীর। ৫ আগস্টের আগে কিছুটা গোপনে কার্যক্রম চালালেও এখন সবকিছুই চলছে প্রকাশ্যে। বলছিলাম চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার (৩৫) কথা।

স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগীরা জানান, জুলাই বিপ্লবের পর শক্তি বেড়েছে ‘বগা বাহিনী’র। কারণ, আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা এখন যুক্ত হয়েছে তার বাহিনীতে। শুধু তা-ই নয়, ফ্যাসিস্ট আমলে বগার যে ভাই ছিলেন যুবলীগে, তিনিও এখন দল পাল্টে বিএনপির নেতা বনে গেছেন।

নগরের ১৬ থানায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩২৩ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২০২১ সালের ১০ মে প্রকাশিত সে তালিকায় ওপরের দিকেই রয়েছে ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বগার নাম।

চট্টগ্রামের ঝাউতলা ও ঝিলপাড়ের বস্তিতে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মদ বিক্রি করে আসছিলেন ফকরুল ও নাসির। চিহ্নিত এ দুই মাদক কারবারির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর আগে জেলও খেটেছেন দুজন। ৫ আগস্টের পর স্থানীয় বাসিন্দারা ফকরুল-নাসিরকে তাড়াতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বগার বাহিনী। বগার ছায়ায় এখন আরো বেশি বেপরোয়া মাদক ও জুয়ার কারবারিরা।

‘স্বৈরাচারের দোসর’ সাজিয়ে চাঁদাবাজি

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন জহির টিপু। ফ্যাসিস্ট আমলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রথম শ্রেণির এ ঠিকাদারের বেশ দাপট ছিল। ৫ আগস্ট বিপ্লবের পর জহিরের দাপট কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। কারণ, বগাকে কমিশন দেন জহির। ৫ আগস্টের পর জহির যুক্ত হন বগার সঙ্গে।

রেলওয়ে সূত্র বলছে, জহির-বগা জুটি এখন রেলওয়েতে দেদার চাঁদাবাজি করছে। বিশেষ করে রেলওয়ে পূর্বাঞ্চলে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের ভয় দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একাধিক কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর থেকে রেলওয়ের অনেক কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ তকমা দিয়ে চাঁদাবাজি করছেন বগা। বাধ্য হয়ে গোপনে তাদের হাতে তুলে দিতে হচ্ছে বড় অঙ্কের টাকা।

বগার শক্তি বাড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা

৫ আগস্টের পর বগার বাহিনীতে যুক্ত হয়েছেন সন্ত্রাসী শাওন রেজা। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটির সহসভাপতি ও খুলশী থানা আওয়ামী লীগের সদস্য ছিলেন শাওন। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে জোড়া খুনের আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল আলম লিমনের সঙ্গে দারুণ সখ্য রয়েছে শাওনের। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে লিমনের সঙ্গে অসংখ্য ছবিও রয়েছে শাওনের।

৫ আগস্টের পর বগার নেতৃত্বে ওয়্যারলেস ১ থেকে ৫ নম্বর কোয়ার্টার দখল করে শাওনের বাহিনী। এরপর দখল নেওয়া এসব কোয়ার্টার ভাড়া দেওয়া হয়েছে।

বগার আরো দুই সহযোগী হাবিব ও রবিউল। হাবিব ১৩ নম্বর পাহাড়তলী থানার যুবলীগ নেতা, যিনি ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ ও যুবলীগের দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতেন। আর রবিউল ছিলেন ঝাউতলা এলাকার আ.লীগের সক্রিয় কর্মী। ৫ আগস্টের পর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল নিয়ন্ত্রণ এবং ওই এলাকায় চাঁদাবাজিতে বগার সঙ্গী হন তিনি।

যুবলীগ করা বগার ভাইও এখন বিএনপি নেতা

বগার ভাই মো. শাকিল হোসেন। স্থানীয় সূত্র বলছে, ১৩ নম্বর পাহাড়তলী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শাকিল। কিন্তু ৫ আগস্টের পর তিনি খোলস পাল্টে ফেলেন। শাকিল এখন বিএনপির নেতা পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।

প্রশাসনের নাকের ডগায় দুই ভাই এখন অপরাধের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন। দলীয় পরিচয় ব্যবহার করলেও এর দায় নিতে রাজি নয় স্বেচ্ছাসেবক দল।

জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রকৌশলী জমির উদ্দির নাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দল মহানগরের সাবেক সহ-যুগ্ম সম্পাদক ছিলেন বগা। দলের নাম ও পদবি ব্যবহার করে অপকর্ম করলে তার দায় দল নেবে না। দলের পদে থেকে কোনো নেতাকর্মী মানুষের ক্ষতি করলে তার বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে এই প্রতিবেদক ফোন করেন ওয়াকিল হোসেন বগাকে। কিন্তু তিনি কল রিসিভ করেননি। টানা তিন দিন একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। এরপর খুদেবার্তা পাঠানো হয় বগার হোয়াটসঅ্যাপে। সেই মেসেজ দেখলেও কোনো জবাব দেননি তিনি।

জানতে চাইলে খুলশী থানার ওসি মজিবুর রহমান বলেন, ২০২১ সালে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩২৩ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে সিএমপি। সে তালিকায় ১৭ মামলার আসামি বগার নাম রয়েছে বলে জানি। তবে নতুন করে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা