গাড়ি ভাঙচুর, প্রধান এজেন্ট আহত
ফেনী-২ সদর আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপির ধানের শীষের কর্মীরা।
বৃহস্পতিবার নির্বাচন চলাকালে উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে ধানের শীষের কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল উশৃঙ্খল বিএনপি কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে এবং একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে।
তখন ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তালহা নামে একজন ঈগল সমর্থককে বেদম মারধর করা হয়।
এছাড়া ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রের পাশে মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা চালিয়ে তাকে আহত এবং তার ব্যবহৃত
গাড়িটি ভাঙচুর করে বিএনপি কর্মী-সমর্থকরা। স্থানীয় বিএনপি ক্যাডার জামাই কামরুলের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানান মঞ্জু সমর্থকরা।
অন্যদিকে পাঁচগাছিয়া ইউনিয়িনের এলাহিগঞ্জে ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে আহত করে ধানের শীষের কর্মীরা। তাছাড়া শর্শদী ইউনিয়নের ঘাগরা এলাকায় হামলা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে বিএনপি কর্মীরা।
এসব বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক আমার দেশকে বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে যতগুলো অভিযোগ পেয়েছেন; সকল স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে।
তবে,কোথাও ভোট গ্রহণে সমস্যা হয়নি। মঞ্জু সাহেবের প্রধান এজেন্টর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি থানায় নিয়মিত মামলা করবেন বলে জানিয়েছেন।