হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতার অফিসে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে যুবদল নেতার অফিসে ছাত্রদলের আট নেতাকর্মীকে অবরুদ্ধ রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার সময় সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আন্ডারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শামু ব্যাপারীর সমাজে এ ঘটনা ঘটেছে।

নির্যাতিতরা হলেন— ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র ও সদর উপজেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রনি (২৫), আণ্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. রাজিব, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তাবিব, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য মো. রাসেল, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. ইউছুফ ও ছাত্রদল কর্মী আকরাম হোসেন।

সরেজমিনে গেলে হাসপাতালে চিকিৎসারত আহতরা অভিযোগ করে বলেন, ‘ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যে আমরা আটজন বাংলাবাজার এলাকায় যাই। সজীব নামে একজন আমাদের শামু বেপারীর সমাজে একটি দোকানে চা খেতে নিয়ে যায়। এ সময় স্থানীয় শ্রমিক দলের সোহেল আমাদের জোরপূর্বক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সেলিমের অফিসে নিয়ে অবরুদ্ধ করে রাখে। এ সময় আমরা ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের বিষয়টি অবহিত করি।’

খবর পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম ও ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রুহুল আমিন বাহাদুরকে খবর দেন। খবর পেয়ে শেখ সেলিম ঘটনাস্থলে দেরিতে এলেও রুহুল আমিন বাহাদুর দ্রুত আসেন। আলোচনার একপর্যায়ে সেলিমের অফিস থেকে জাহাঙ্গীরকে বাইরে ডেকে নিয়ে যান বাহাদুর।

এ সময় হেলমেট ও মুখোশ পরহিত ২৫-৩০ জনের সশস্ত্র একটি দল শেখ সেলিমের অফিসে ঢুকে বিদ্যুতের লাইন বন্ধ করে অবরুদ্ধদের তুলে নিয়ে যায় নির্জন স্থানে। নির্জন স্থানে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার রড, চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে তাদের। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন দিকে ফোনে আলাপ করতে থাকে। খবর পেয়ে পুলিশ রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আণ্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আহতদের দেওয়া অভিযোগ ও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ সেলিম, রুহুল আমিন বাহাদুর ও সোহেলের কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। শেখ সেলিম ও সোহেল তারা দুজন সম্পর্কে বেয়াই।

আহতরা আরো অভিযোগ করে বলেন, আন্ডারচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সেলিম, মো. সোহেল, রুহুল আমিন ও মামুন মেম্বারের ইন্ধনেই এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, পরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে এবং হত্যার উদ্দেশ্যেই এমন নির্যাতন করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন, একই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত মো. সোহেল বলেন, ‘শুনেছি আমাকে খোঁজার উদ্দেশ্য কয়েকজন লোক এসেছে। খবর পেয়ে তাদের কাছে ছুটে যাই এবং বিষয়টি মীমাংসা করার চেষ্টা করি। এর মধ্যে হঠাৎ কয়েকজন লোক অফিসে প্রবেশ করে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি নিজেও আহত হই। আমি হামলার ঘটনার সাথে জড়িত নই।’

অভিযোগের বিষয়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সেলিমের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি আমার ব্যক্তিগত নয়, দলীয় অফিস।’

এদিকে ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন বাহাদুরের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘তারা সোহেলকে তুলে নিতে এসছে। এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি তাদের বাঁচানোর জন্য, কিন্তু পারিনি।’

এ ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান শনিবার রাত সাড়ে ১০টায় আরো জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে সহযোগিতা করেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী সঠিক শাস্তি নিশ্চিত করা হবে।

নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে উদ্ধার ইটভাটা শ্রমিকের লাশ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজের আগুন নিয়ন্ত্রণে

আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা কিশোরের

২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আহত ৫

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

পর্যটনের নতুন সম্ভাবনায় সাজছে পাহাড়ি শহর বান্দরবান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নান্দনিক করে তুলেছে রক্তরাঙা পলাশ

চট্টগ্রামের দুই আসনের ফল ঝুলে আছে আদালতে

তেল মজুত ও অতিরিক্ত ভাড়া আদায় করলেই কঠোর ব্যবস্থা

৬ হাজার লিটার অবৈধ তেল মজুদ করছিল যুবলীগ নেতা