আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাখালপাড়ায় একই পরিবারের ছয়জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মানবেতর জীবনের চিত্র আমার দেশ-এ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
আমার দেশ-এ মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নজরে আসে।
সংবাদ প্রকাশের পরপরই কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী খোঁজখবর নেন এবং উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী মঙ্গলবার বিকেলে ওই পরিবারকে দেখতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ-সহায়তা প্রদান করেন।
এ সময় নেতারা পরিবারটির চিকিৎসা, পুনর্বাসন ও সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির খোঁজ নিতে এসেছি। একই পরিবারের এত জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের কষ্ট সত্যিই বেদনাদায়ক। বিএনপি পরিবারটির পাশে থাকবে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘একই পরিবারের একাধিক সদস্য দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছেন। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব এবং পরিবারটিকে সহায়তার আওতায় আনব।
এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পরিবারের ছয় সদস্য—আরমান (২৫), জিহাদ (২৩), মাইমুন হাসান (১৯), আফিফা জান্নাত রিফা (৮), জামাল উদ্দিন (৫৫), সাজেদা বেগম এবং ছমুদা বেগম (৯০) দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন।
একই পরিবারের আরও দুই সদস্য আগে একই ধরনের সমস্যায় মৃত্যুবরণ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি পুনরায় পর্যালোচনার কথা জানানো হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পরিবারটির সার্বিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
এমএইচ