হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়

বললেন হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে নয়, বরং চাঁদাবাজদের পরিবর্তন করতে চায়। তিনি বলেন, এতদিন একটি পক্ষ যেভাবে সুবিধা নিয়েছে, এখন সেই একইভাবে সুবিধা নিতে চায় বিএনপি।

শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর কলেজ মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের প্রতি প্রবীণদের অনেক দায়িত্ব রয়েছে, তবে বিভিন্ন সামাজিক ও পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় তারা সবকিছু করতে পারেন না। ২০২৪ সালের আন্দোলনে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছেন, তা দেশের মানুষ দেখেছে।

তিনি বলেন, “আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মেয়র পদে তরুণরা প্রতিদ্বন্দ্বিতা করুক। দেশের রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকাশ প্রয়োজন।”

দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর ভূমিকা নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও অনেকে নীরব থাকেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী ও ইদ্রিস আলী সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন