হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীতশিল্পী, জামায়াত কর্মী ও বাইক রাইডার কাজী ইউসুফ হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দীর্ঘদিনেও আসামি মো. আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিমসহ অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন, স্বজন ও এলাকাবাসী। অনেকের অভিযোগ, চিহ্নিত কয়েকজন রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণেই আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী ছিলেন। তিনি আগে প্রবাসে ছিলেন। প্রবাস থেকে দেশে ফেরার পর বাইক রাইডিংয়ের পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠ দেখাশোনার দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠসংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থান করছিলেন। এ সময় বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালুবোঝাই মিনি ট্রাক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এতে বালু বাতাসে উড়ে মসজিদে ময়লা হচ্ছিল। বিষয়টি দেখে কাজী ইউসুফ তাঁদের ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ করেন। এ নিয়ে ইলিয়াছ ও ইব্রাহিমের সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা কাজী ইউসুফকে হুমকি দিয়ে বলেন, আমজাদের গেলে মোটরসাইকেল রেখে তাকে প্যাকেট করে ভারত সীমান্তে ফেলে দেবেন। বিষয়টি কাজী ইউসুফ তার পরিচিত কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে শেয়ার করেন।

এরই ধারাবাহিকতায় পরদিন ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে কাজী ইউসুফ মাংস কেনার জন্য মোটরসাইকেলযোগে কাজী শিপনকে সঙ্গে নিয়ে আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচামাল কেনার জন্য ফেনীর উদ্দেশে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস কিনছিলেন। এ সময় পূর্বের ঘটনার জের ধরে পাশের দুর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ৮-১০ জন পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আমজাদের বাজারের ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যার উদ্দেশ্যে কাজী ইউসুফকে টানাহেঁচড়া করে রাস্তার ওপর ফেলে দেন। এরপর তাঁকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাঁর বুক, পিঠ, বাম চোখের কোণ, পেটের ডান পাশ ও মুখের ডান পাশে আঘাত লাগে। তিনি মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকলেও মো. আজাদ গং তাঁকে মারধর অব্যাহত রাখেন। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচাতে চিৎকার করলে আশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে আসেন। তখন হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহতের স্ত্রীর দাবি, বিভিন্ন মানুষের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় কাজী ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কাজী ইউসুফের মৃত্যু হয়।

নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে লাশ সামনে রেখে আমজাদের বাজারে ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়। ওই দিন বাদ জোহর জানাজা শেষে তাঁকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। তবে দীর্ঘ ২০ দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ভবিষ্যতে বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী।

নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন বলেন, ‘বাবাকে হত্যার ২০ দিন পার হলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। আমি বাবাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও সঠিক বিচারের জন্য স্থানীয় সংসদ সদস্য ডা. তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার