কুমিল্লার লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা হাই স্কুল সংলগ্ন বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে বাগমারা দক্ষিণ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সবাই এই কুমিল্লার সন্তান। মানুষের অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়েই এনসিপি মাঠে নেমেছে। কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা এখনো জনগণের মনে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের আওতায় আনা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে। যোগ্য ও মেধাবীদের উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।”
তরুণদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “যেকোনো গণআন্দোলনের সূচনা ছোট পরিসর থেকেই হয়। এনসিপিও ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল। আজ জনগণের সমর্থনে আমরা জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে।”
সমাবেশে নেতারা ‘ন্যায়বিচার, সংহতি, সমতা ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় এনসিপির বার্তা পৌঁছে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহ, লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কবির হোসাইন রুমন, জাহিদুল ইসলাম ফারাবীসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।