নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি আমার দেশ'কে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই বিদ্যুৎ উপকেন্দ্রে ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই ঘন ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।’
এমই