টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ৩দিন ধরে পানিবন্দি ফেনীর সোনাগাজী উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৫০টি পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপকারভোগীদের অনেকেই নিজেদের আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেছে।
পানি নিষ্কাশনের খাল প্রভাবশালীরা দখল করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা।এছাড়াও তাদের অভিযোগ ৩ দিন ধরে তারা দুর্ভোগ পোহালেও খোঁজ নেয়নি স্থানীয় প্রশাসন।
বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগরহাট সংলগ্ন ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের আবাসন এলাকায় গিয়ে বৃষ্টির পানিতে ঘরগুলো ডুবে থাকতে দেখা যায়।
খাঁজ নিয়ে জানা যায়, ভূমিহীনদের পুনর্বাসনের জন্য বিগত সময়ে প্রায় ১ একর খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। সেই জমিতে গৃহহীন ও ভূমিহীন ৫০ উপকারভোগীর প্রত্যেককে দুই শতাংশ জমি ও পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরের সিংহভাগ ঘরের ভেতর ও বাইরের দিকে প্রায় তিন-চার ফুট পানি জমেছে। ঘরগুলোতে হাঁটু পরিমাণ পানি উঠেছে। তবে,বসবাসের বিকল্প জায়গায় না থাকায় সেখানকার উপকারভোগীদের কেউ কেউ পানিবন্দি অবস্থায় ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তারেক রহমান বলেন, এ এলাকার পানি নিষ্কাশনের খালের মুখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, কোথাও কোথাও খাল পুরোপুরি দখল হয়ে গেছে। ফলে পানি বেড়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে, রান্না করারও সুযোগ নাই। হাঁটাচলার রাস্তা, টিউবওয়েল, গোসলখানা পর্যন্ত ডুবে গেছে।
পাখি বেগম নামে আরেক বাসিন্দা বলেন, এই জায়গাটা এমনিতে নিচু, যদি একটু উঁচু হতো হয়ত তাহলে আজকে এই অবস্থা হতো না। খাল দখল হয়ে যাওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পসহ পুরো এলাকা পানিতে ডুবে রয়েছে। পানি নিষ্কাশন না হলে আমাদের কষ্ট আরও বাড়বে। ৩ দিন ধরে আমরা পানিতে ডুবে থাকলেও প্রশাসনের কেউ আমাদের খোঁজ নিতে আসেনি।
চরছান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন, পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখল হওয়ার কারণে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীসহ পুরো এলাকার মানুষকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কয়েক জায়গায় খালের প্রতিবন্ধকতা অপাসারণ করেছি।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন বলেন, বিষয়টি তিনি আজকেই জেনেছেন। আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাসহ এলাকাবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই দিতে দ্রুত খালের প্রতিবন্ধকতা সরিয়ে পানি নষ্কিাশনের ব্যবস্থা করা হবে।