চট্টগ্রামের আলোচিত সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট দাখিল করেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ধার্যকৃত পরবর্তী তারিখে চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
চার্জশিটে এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামির সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১৮ জন পলাতক।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় উগ্র সংগঠন ইস্কন থেকে বহিষ্কৃত ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। আদালত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আদালতের বিপরীতে রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে সহকারী কৌঁসুলি আলিফ সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার চার্জশিট দাখিলের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগোতে শুরু করেছে।