কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যার করেছে দুর্বৃত্তরা। কাঁটাবিল মসজিদের সামনে গতকাল শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার ওপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।
নিহত মহরমের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের অতর্কিত হামলা করে। এসময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।