কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেছেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কুমিল্লা শিক্ষা বোর্ড আরও সতর্ক ও সচেষ্ট থাকবে।
মঙ্গলবার রাত পৌনে ৯টায় কুমিল্লা শিক্ষা বোর্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
তিনি বলেন, গত সোমবারের পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোররাতে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে নিরাপদে বাসায় ফিরতে পারে সে লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সমন্বিতভাবে কাজ করেছে।
চেয়ারম্যান আহসান পারভেজ বলেন, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করে অজিতগুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া উদ্ভুত পরিস্থিতির জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. শিপন মিয়া ।
এমএইচ