হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-সন্ত্রাস করলে পুলিশে দেয়ার আহ্বান এমপি এনামুলের

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা— কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করে, তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে দমন করা হবে। তবে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়মও বরদাশত করা হবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিক উন্নয়ন কাজ শুরু করেছে।

হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পের বিষয়ে তিনি বলেন, “এই ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। কৃষকরা উপকৃত হবেন, সৃষ্টি হবে পর্যটন সম্ভাবনা ও নতুন কর্মসংস্থান। পাশাপাশি অতিবৃষ্টির কারণে নিচু এলাকার মানুষের দুর্ভোগও কমে আসবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের কেউ সালিস-বিচারে অংশ নিতে পারবেন না। এমপির পরিচয় ব্যবহার করে কেউ এলাকায় অনিয়ম করতে চাইলে তাকে পুলিশে দিন। এলাকার সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানুর রহমান, পটিয়া থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জানা গেছে, প্রায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খাল এর ওপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো, বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

তারেক রহমানকে বরণ করতে বর্ণিল সাজে কুমিল্লার মহাসড়ক

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

লোহাগাড়ায় জমির বিরোধে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

দেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ

ফরিদগঞ্জে ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই‎

রাজধানী থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

তিতাসে লতিফ হত্যায় জড়িত একজন আটক

স্পিডবোট বন্ধ থাকায় জাহাজমুখী সন্দ্বীপের যাত্রীরা