ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে বক্তব্যকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
এসময় তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা।
সংসদ সদস্য রানু বলেন, আমরা ফেনী থেকে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছি। একইসঙ্গে একজন যোগ্য মন্ত্রীও পেয়েছি। আমাদের চারজন এমপির দাবি এবং ফেনীর গণমানুষের দাবি-ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি দাবি করে বলেন, অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটি টিকতে পারেনি।
রেহেনা আক্তার রানু বলেন, আওয়ামী লীগ কোনো কিছু গড়ে তুলতে জানে না, তারা শুধু ধ্বংস করতে জানে। কিন্তু বিএনপি উন্নয়ন ও প্রতিষ্ঠান গঠনে বিশ্বাস করে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবেন।
রানু বলেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে এ বিষয়ে কথা বলে যাব। প্রয়োজন হলে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চারজন এমপি একসঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন করব।
বক্তব্যের শেষে তিনি বিষয়টিকে জরুরি উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।