হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুদের টাকা না পেয়ে রিকশাচালকের ঘরে তালা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

সুদের টাকা দিতে না পারায় এক রিকশাচালকের বসতঘরে তালা ঝুলিয়ে দিয়েছে এক সুদি কারবারি। এতে রিকশাচালকের পরিবার গত আট দিন ধরে খোলা বারান্দায় অসহায় জীবনযাপন করছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রিকশাচালক একরাম হোসেন জানান, ২০১৫ সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের চিকিৎসার জন্য তিনি স্থানীয় সুদি কারবারি তোফায়েল আহমেদ থেকে সুদের ওপর ৬০ হাজার টাকা ঋণ নেন। ২০১৯ সালে আরও ১১ হাজার টাকা নেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি মোট ১ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেছেন। এরপরও ঋণের বোঝা না কমায় তিনি ধারদেনা করে ক্লান্ত হয়ে পড়েন।

একরাম বলেন, “টাকা দিতে না পেরে আমি রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে যাই। কিছুদিন পর বাড়িতে ফিরলে তোফায়েল আমাকে তুলে নিয়ে মারধর করে এবং জোর করে ৩ লাখ ৩৩ হাজার টাকার স্ট্যাম্পে টিপসই নেয়।”

সম্প্রতি একরামের মা অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী বাড়ির বাইরে যান। এই সুযোগে তোফায়েল ঘরে তালা মেরে দেয় এবং মালামাল বের করে নিয়ে যায়। তার স্ত্রী ফিরে এসে চাবি চাইলে তোফায়েল তা দিতে অস্বীকৃতি জানায়।

বর্তমানে একরামের পরিবার খোলা বারান্দায় মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের রান্নাবান্না বন্ধ, এবং তারা প্রতিবেশীদের দেওয়া সামান্য খাবার খেয়ে দিন পার করছেন। রিকশাচালকের স্ত্রী জানান, “বৃষ্টির কারণে ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে। আট দিন পর আজ পাশের বাড়ি থেকে পাতিল নিয়ে ভাত রান্না করেছি।”

স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসক আব্দুল হালিম বলেন, টাকার জন্য ঘরে তালা মেরে লোকজনকে বাইরে করে দেওয়া একটি অমানবিক কাজ। বৃষ্টির কারণে বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে, কিন্তু তাদের কাছে ওষুধ কেনারও টাকা নেই।

অভিযুক্ত তোফায়েল আহমেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, সে আমার কাছ থেকে লাভের ওপর টাকা নিয়েছে। টাকা না দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। কাউকে বাড়িতে না পেয়ে আমি তালা দিয়েছি। সে আমার টাকা পরিশোধ করলেই আমি তালা খুলে দেব।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন জানান, পাওনা টাকার জন্য কারো ঘরে তালা দেওয়া আইনত অপরাধ। আমি এখনই চৌকিদার পাঠিয়ে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করছি।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম