চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশের হাতে আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য ভুয়া পুলিশ মো. শান্ত (২৩) গ্রেপ্তার হয়েছে। শান্ত উত্তর চরপাতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
জানা যায়, শান্ত পুলিশসহ প্রশাসনের পরিচয় দিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গতকাল রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের ফরিদগঞ্জ থানাধীন চতুরা ব্রিজের ওপর পুলিশ পরিচয় দিয়ে একটি অটোরিকশার পথরোধ করে শান্ত ও তার সহযোগীরা। এরপর তল্লাশির নামে ওই অটোরিকশার চালকের কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় শান্ত।
ছিনতাইয়ের শিকার অটোরিকশাচালক সবুজ ব্যাপারী চাঁদপুর সদর থেকে ডিম পরিবহন করে লক্ষ্মীপুরের রায়পুর বাজারে নিয়ে যান। সেখানে ব্যবসায় প্রতিষ্ঠানে ডিম পৌঁছে দিয়ে নগদ টাকা নিয়ে ফেরার পথে চতুরা ব্রিজের ওপর পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের খপ্পরে পড়েন।
পরে ভুক্তভোগী সবুজ ব্যাপারী ফরিদগঞ্জ থানায় এসে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নানান কৌশলে অপরাধীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে চরপাতা এলাকায় অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শান্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শান্তর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।