হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

ফলোআপ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ব্যক্তিদের কয়েকজন। ছবি: আমার দেশ

দালালদের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে ২৭৩ জন নারী-পুরুষকে বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীরা সকলেই কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে ৯ জন জীবিত উদ্ধার হলেও অপর ২৬৪ জনের খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ট্রলারের অধিকাংশেরই সলিল সমাধি হয়েছে।

টেকনাফ থানা পুলিশ ও কোস্ট গার্ড বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তবে ট্রলারে থাকা মানুষের সংখ্যা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় ৬ জন দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ট্রলারডুবিতে নিখোঁজদের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজনরা জানিয়েছেন, প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা তথ্য দেখে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন।

তাদের মতে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের স্বজনরা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর এই ভয়াবহ ঘটনার পর থেকে পরিবারগুলো ভেঙে পড়েছে। তাদের স্বজনরা বেঁচে আছেন নাকি সাগরের ঢেউয়ে হারিয়ে গেছেন তাও তারা জানেন না।

মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে উদ্ধার হওয়া ৯ জন হলেন কক্সবাজার শহরতলীর শান্তি পাড়ার মো. হামিদ ও মো. সায়াদ আলম, মো. আকবর, টেকনাফের হোয়াইক্যং এলাকার মো. সোহান উদ্দিন এবং চট্টগ্রামের মিরসরাইয়ের মো. হৃদয়, উখিয়ার কুতুপালং ক্যাম্পের মো. রফিকুল ইসলাম, রাহেলা বেগম ও মো. ইমরান এবং টেকনাফ বড়বিল এলাকার মো. তোফায়েল আহমেদ।

সাগরে ট্রলারডুবির খবর ছড়িয়ে পড়তেই ছেলের খোঁজে টেকনাফ থানায় ছুটে আসেন আয়েশা বেগম। তিনি বলেন, আমার ভাগিনা এলাকার এক দালালের খপ্পরে পড়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে। শাকের মাঝি নামে এক দালাল তাকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।

তিনি বলেন, ট্রলার ডুবে যাওয়ার খবর শুনে আমি অন্যদের মতো ছেলের খোঁজে এখানে এসেছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। চারদিকে মৃত্যুর খবর শুনে বুকটা কেঁপে উঠছে আমার ছেলেটার কী হলো, জানি না।

সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নেঙ্গুলবিল গ্রামের কথা হয় শাহীনা আক্তারের সাথে। তিনি জানান, আমার ভাইকে এক দালাল পাচারকারীর হাতে তুলে দিয়েছিল। পরে তারা (দালালরা) সাগরপথে পাচার করে।

তিনি বলেন, ট্রলারডুবিতে যেভাবে চারদিকে মৃত্যুর খবর পাচ্ছি- বুকটা ভেঙে যাচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছি না।

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের নিখোঁজ এনায়েতুর রহমানের বাবা মোহাম্মদ কালু বলেন, আমার ছেলে বাড়ির পাশের একটি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করতো। তার আয়ে আমাদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু গত ২ এপ্রিল থেকে সে নিখোঁজ হয়।

তিনি জানান, খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন- দালালচক্রের খপ্পরে পড়ে তার ছেলে টেকনাফ হয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একপর্যায়ে খবর আসে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়।

মোহাম্মদ কালু আরো বলেন, ডুবে যাওয়া ট্রলার থেকে কোনোভাবে ৯ জন উদ্ধার হয়ে ফিরে এলে তাদের কাছ থেকেই জানতে পারি, আমার ছেলে এনায়েতসহ আরও নারী-পুরুষ ট্রলারডুবির ঘটনায় সাগরে তলিয়ে গেছে।

জিয়াউর রহমান নামের একজন জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় তার দুই ছেলে মোহাম্মদ জুনায়েদ ও মোহাম্মদ তারেক ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন। তারা বেঁচে আছে নাকি মারা গেছে তিনি জানেন না।

সূত্র বলছে, চার-পাঁচ দিন আগে ২৭৩ জন যাত্রী নিয়ে আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ৯ জন কোনোভাবে উদ্ধার হয়ে জীবিত ফিরতে পারলেও বাকি ২৬৪ জনের এখনো কোনো খোঁজ মিলছে না।

আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় বেঁচে ফেরা রোহিঙ্গা রাহেলা বেগম বলেন, আমার এক খালাতো ভাই আমাকে মালয়েশিয়ায় বিয়ে দেওয়ার কথা বলে সাগরপথে নিয়ে যাচ্ছিল। পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি আন্দামান সাগরে ডুবে যায়।

তিনি বলেন, আমরা ৯ জন সাগরে ভাসমান অবস্থায় ছিলাম। পরে একটি ট্রলারের সহায়তায় উদ্ধার হয়েছি।

তবে বাকি নারী-পুরুষ কতজন উদ্ধার হয়েছে তা তিনি জানেন না। তিনি নিজের চোখে দেখেছেন- ১০-২০ জন নারীসহ অনেকেই সাগরে ডুবে গেছে।

এদিকে উদ্ধার হওয়া ও নিখোঁজ স্বজনরা বলছেন, দীর্ঘদিন প্রকাশ্যে দালালরা নিষ্ঠুর মানব পাচার চালিয়ে গেলেও প্রশাসন নীরব থাকায় বেপরয়োরা হয়ে উঠেছে তারা। ফলে প্রতিনিয়িত অপহরণ-জিম্মি হয়ে অনেকে মানব পাচারের শিকার হচ্ছে। আবার অনেকে স্বেচ্ছায় সাগরপথে উন্নত জীবনের আশায় সাগরপথ পাড়ি দিচ্ছে।

কিন্তু সম্প্রতি ট্রলারডুবির ঘটনায় দালাল টেকনাফের শাকের মাঝি, হায়দার আলী, আব্দুল আমিন, সৈয়দ উল্লাহ, মো. ইব্ররাহীম, আজিজুল হক, মাহমুদুল হক, শফিক, মোহাম্মদ উল্লাহ, মোজাহের মিয়া ওরফে গোরামিয়া, সায়াদ আলমসহ অনেকের নাম প্রকাশ্যে এসেছে। ফলে অনেকে আত্মগোপনে চলে গেছে।

আন্দামান দ্বীপপুঞ্জে ট্রলারডুবির ঘটনায় কোস্ট গার্ডের হাতে উদ্ধার হওয়া উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, কাজের প্রলোভনে টেকনাফে এনে আমাদের একটি বোটে তোলা হয়। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে যাত্রার পর আন্দামানের কাছে বোটটি ডুবে যায়।

তিনি বলেন, আমি ও কয়েকজন দুদিন সাগরে ভাসার পর উদ্ধার হই। ট্রলারটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিল, যার মধ্যে নারী-শিশুও ছিল। বাকিদের কী হয়েছে জানি না।

সাবরাং ইউনিয়ন পরিষদের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আন্দামান দ্বীপপুঞ্জের কাছে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ৯ জন উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় নিখোঁজ স্বজনদের খোঁজে মানুষের ছোটাছুটি বেড়েছে। অনেক পরিবার আমার কাছেও এসে তাদের প্রিয়জনদের সন্ধান চাইছেন।

তিনি বলেন, শাহপরীর দ্বীপ থেকেই অন্তত ২০ থেকে ৩০ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে। আমরা তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি। আর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাগর থেকে উদ্ধার হওয়া ৯ জনকে কোস্ট গার্ড থানায় আসে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভিকটিমদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড গত ৯ এপ্রিল দুপুরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ৯ বাংলাদেশিকে (৮ পুরুষ ও ১ নারী) ভাসতে দেখে উদ্ধার করে। পরে মধ্যরাতে উদ্ধারকৃতদের কোস্ট গার্ডের টহল জাহাজ মনসুর আলীর কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড তাদের টেকনাফ থানায় নিয়ে আসে।

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু