চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে পাহারা বসিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারের সামনে এ পাহারা বসান দলটির নেতারা।
এর আগে বিকেলে দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল।
দলীয় সূত্র জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা লকডাউন ঘিরে চট্টগ্রামে নাশকতা চালানো হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছে তারা। মঙ্গলবারও নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। রাতেই নাশকতার আশঙ্কায় স্বেচ্ছাসেবক দল নগরের মূল সড়ক ও অলিগলিতে পাহারা শুরু করে।
রাত সাড়ে ১০টায় দেখা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী নগরের জিইসি কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তারা দলে দলে ভাগ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে পাহারা শুরু করেন। রাত জেগে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তৎপর থাকবেন বলেও জানা গেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি জেলা স্টেডিয়াম গেট থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতা-কর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। মিছিলে নগরের ১৫টি থানা, ৪১টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি সাংগঠনিক ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।