ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন। তিনি জানান, চৌদ্দগ্রামে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মিয়াবাজার হাইওয়ে এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে দুই মাসে মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে চারটি ডাকাতির ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি একটি ট্রাক ডাকাতি হয়। গত ৮ ফেব্রুয়ারি মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স থেকে লুট হয় ৩৫ ভরি স্বর্ণ।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওসি জসিমকে প্রত্যাহার করা হয়েছে।