কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার সকালে উপজেলা সদরে ‘ইনকিলাব মঞ্চ’ মেঘনা উপজেলার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সম্প্রতি চিকিৎসা না পাওয়ায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে বলেও জানান তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ৩৪ বছর বয়সী রুবেল সিকদার কর্মস্থলে দুর্ঘটনায় আহত হয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। অভিযোগ রয়েছে, তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধের ব্যবস্থা না করেই ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি, হাসপাতালের ভেতরেই এক্স-রেসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিতকরণ, মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে যথাযথ স্থানে প্রেরণ, হাসপাতালের অবকাঠামো সংস্কার ও আধুনিক সরঞ্জাম সরবরাহ, সার্বক্ষণিক গাইনি বিশেষজ্ঞ নিয়োগ, জরুরি বিভাগে ২৪ ঘণ্টা এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনতে কার্যকর মনিটরিং কমিটি গঠন।
এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মানববন্ধন শেষে মেঘনার সর্বস্তরের জনগণের পক্ষে দিদারুল ইসলাম, সজিবুল ইসলাম, মো. শাওন, মো. সিফাত, শাওন আখন্দ, মো. পারভেজ, মোখলেসুর রহমান, ইয়াসমিন আক্তার, ইশান রহমান, শ্যামল সিকদার, মো. কালাম ও মো. রুবেল স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার আমার দেশকে বলেন, স্বারকলিপি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানোর নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।